বিএনপি-যুবদল সংঘর্ষের এক দিন পর খেত থেকে যুবকের লাশ উদ্ধার

দুই পক্ষের সংঘর্ষে নিহত সজীব চৌধুরীছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকার একটি টমেটোখেত থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

নিহত যুবকের নাম সজীব চৌধুরী (২৫)। তিনি মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘিরে মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনের অনুসারীদের সঙ্গে বিএনপির কর্মী মোহাম্মদ আলিমের অনুসারীদের মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গতকাল রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে সজীবকে নেওয়া হয়নি। আজ সকালে ওই এলাকায় গিয়ে সজীবের লাশ পাওয়া যায়।

মোহাম্মদ আলিমের বর্তমানে বিএনপিতে কোনো পদ নেই, তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির গুপ্তাখালী ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ছিলেন। আর নিহত সজীব চৌধুরী যুবদল নেতা শাহাব উদ্দিনের বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করতেন।

যুবদল নেতা শাহাব উদ্দিনের দাবি, কিছুদিন আগে রিকশার ব্যাটারি চুরি নিয়ে স্থানীয়ভাবে সালিস হয়েছিল। সালিসে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে বিএনপি নেতা আলিমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনার দেড় মাস পরও টাকা পরিশোধ না করায় আলিমের সঙ্গে কথা-কাটাকাটি হয় শাহাব উদ্দিনের। এর জেরে গুপ্তাখালী শাহাব উদ্দিনের কয়েকজন স্বজন ও অনুসারীর ওপর যুবদল নেতা আলিমের লোকজন হামলা চালান। এতে সজীবের মৃত্যু হয়।

তবে আলিমের স্ত্রী তাহমিনা আক্তারের দাবি, গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচি হয়েছিল। ওই সময় আলিম সেখানে যান। সেখানে আলিমের সঙ্গে শাহাব উদ্দিনের কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় ইফতারের পর কয়েকজন যুবক এসে দোকানের সামনে থেকে আলিমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তর্কাতর্কি হয়।

জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে আলিম ও শাহাব উদ্দিনের পক্ষের লোকজনের মারামারি হয়। ওই ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছে বলে শুনেছেন। কিন্তু আজ সকালে জানতে পারেন সজীবের লাশ টমেটোখেতে পড়ে আছে। গতকালের মারামারির ঘটনায় সজীব অংশগ্রহণ করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।