সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ভাতিজা নিহত, চাচা আটক
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে শাহিন মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনি ঘাগোয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। এই ঘটনায় পুলিশ নিহত শাহিন মিয়ার চাচা আবদুল মতিনকে (৫০) আটক করেছে।
শাহিন মিয়া ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন শাহ আলম, লুৎফর, রাঙ্গা মিয়া, মো. রাকিব। তাঁরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহীন মিয়ার সঙ্গে তাঁর চাচা আবদুল মতিন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে শাহীন ও তাঁর লোকজনের সঙ্গে আবদুল মতিন ও তাঁর লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় শাহিনসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাহিন মিয়ার অবস্থার অবনতি হলে তাঁকে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।