ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পরিবহন চত্বরে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশটি সঞ্চলনা করেন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র সহসাংগঠনিক সম্পাদক ফাইজা মেহজাবিন। বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী দে, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী।
খাদিজার শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রাপ্তি তাপসী দে বলেন, ‘আমরা সবাই জানি আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হলেও আমাদের কোনো স্বাধীনতা নেই। শুধু একজন উপস্থাপক হওয়ায় খাদিজাকে ৩৬৫ দিন জেলে থাকতে হচ্ছে। খাদিজার প্রশ্নগুলো স্বাধীন রাষ্ট্রের নাগরিকের করার অধিকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এ ব্যাপারে নিশ্চুপ। রাষ্ট্রের কোথায় এত ভয়? প্রতিটা জায়গায় বিরুদ্ধ মতকে গলাটিপে হত্যা করা হয়।’
সুমাইয়া ইসলাম বলেন, ‘একজন খুনের আসামিও জামিন পান। কিন্তু প্রশ্ন করা নিয়ে এত ভয় কেন? জবাবদিহিতার এত ভয় কেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলে ক্ষমতাসীনদের জন্য। এর ব্যবহার ক্ষমতাসীনদের হাতে।’
ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘৩৬৫ দিন হলো তাকে (খাদিজা) কারাগারে নিক্ষেপ করা হয়েছে। একজন সরকার তখনই এভাবে উঠিয়ে নেয়, যখন তাঁর গদি টলমল করে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, মানুষকে ক্ষ্যাপাবেন না। এর পরিণাম ভালো হয় না। নাম বদলে, সাজা কমিয়ে–বাড়িয়ে, জরিমানা কমিয়ে–বাড়িয়ে এই আইন থেকেই যাচ্ছে। আমরা এটার বাতিল চাই।’