আজও কাজে যোগ দেননি হবিগঞ্জের চা-শ্রমিকেরা, বিকেলে প্রশাসনের সঙ্গে আলোচনা
মজুরি নির্ধারণের বিষয়ে সরকার থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় আজ মঙ্গলবারও কাজে যোগ দেননি হবিগঞ্জের ২৩টি চা-বাগানের শ্রমিকেরা। তবে আজ বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পেলে তাঁরা কাল বুধবার থেকে কাজে যোগদান করবেন।
৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকেরা টানা ১১ দিন ধরে ধর্মঘট পালন করে আসছেন। এ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের ২৩টি চা-বাগানের প্রায় ৪০ হাজার শ্রমিক ধর্মঘট পালন করে আসছেন।
এদিকে আন্দোলন চলা অবস্থায় গত রোববার রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে মৌলভীবাজার জেলার কিছু চা-বাগানের শ্রমিক বর্তমান মজুরি ১২০ টাকাতেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেও হবিগঞ্জের ২৩টি চা-বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেননি।
২৩টি চা-বাগান নিয়ে গঠিত হবিগঞ্জ লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড় প্রথম আলোকে বলেন, ‘আজও আমরা কাজে যোগদান করিনি। কারণ, এখন পর্যন্ত সরকার থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। কাজে যোগ দান করা, না করা নিয়ে আজ দুপুর থেকে চানপুর বাগানে আমরা শ্রমিকেরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আসছি। পাশাপাশি আজ বিকেলে জেলা প্রশাসন আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা এ আলোচনায় অংশ নিব। আলোচনা সফল হলে কাল থেকে হয়তো আমরা কাজে যোগদান করব।’
চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক প্রথম আলোকে বলেন, শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে কাজ চলছে। আজ বিকেলে চানপুর চা-বাগানের শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের জরুরি বৈঠক হবে। এ বৈঠকে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলি উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো যাবে।