২৪ ঘণ্টা পেরিয়েছে, আত্মসমর্পণ করেননি সাবেক সেনাসদস্য হাফিজুর

সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেননি। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়। পরবর্তী আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য রয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ আগস্ট হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান হাফিজুর রহমান। পরে ৪ আগস্ট সন্ধ্যা সাতটায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি মুভ (পরিচালনা) করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। পরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আরও পড়ুন

কুমিল্লার আদালত সূত্র জানায়, আপিল বিভাগের চেম্বার বিচারপতির নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে হাফিজুর রহমান আত্মসমর্পণ করার কথা। মামলাটি যেহেতু কুমিল্লার আদালতে চলমান; যার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেবেছেন হাফিজুর রহমান কুমিল্লার আদালতে হাজির হবেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর রহমান কুমিল্লার আদালতে হাজির হননি।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিডিয়ার মাধ্যমে জেনেছি, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। তবে তিনি আজ কুমিল্লার আদালতে আত্মসমর্পণ বা হাজির হননি। বিষয়টির বিস্তারিত মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।’

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজধানীর কল্যাণপুর ইউনিটের পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, আপিল বিভাগের চেম্বার আদালত হাফিজুর রহমানের জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তবে এ-সংক্রান্ত আদেশের কোনো কপি এখনো হাতে পাইনি। তিনি কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেছেন—এমন কোনো তথ্যও আমাদের কাছে আসেনি। উচ্চ আদালত ও আপিল বিভাগের আদেশের কপি হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

আরও পড়ুন

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক (রিংকু) প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের চেম্বার আদালতের বিভাগের নির্দেশ অনুযায়ী আজ শুক্রবার তাঁর কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। সরকারি ছুটির দিন হলেও বিশেষ আদালত চালু রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি আদালতে হাজির হননি।’

হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তাঁর ডিএনএ নমুনা সংগ্রহের পর আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। জিজ্ঞাসাবাদ শেষে ২৫ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন