পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যুপ্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) ও উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে একে অন্যের আপন চাচাতো বোন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় ছিল এই শিশুরা। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে গিয়ে খেলা শুরু করে। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালিয়ে রুমা ও পাপিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি, কীভাবে ঘটনাটি ঘটেছে, আমরা খোঁজ নিয়ে দেখছি।’