বছরে ৩৭ শতাংশ অস্ত্রোপচার

২০২২ সালে সিলেটে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন ১৪ হাজার ৮০ জন এবং স্বাভাবিক প্রসব করেছেন ৮ হাজার ৫০৬ জন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট নগরের জামতলা এলাকার বাসিন্দা হিমাংশু শীল। তাঁর স্ত্রী শিপ্রা বিশ্বাস (২৮) গত এপ্রিল মাসে তৃতীয় সন্তানের মা হয়েছেন। হিমাংশু বলেন, তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়েছিল সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে। এ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত হয়নি। অস্ত্রোপচার করতে হয়। পরবর্তী দুই সন্তান বেসরকারি একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সিলেট জেলায় ২০২২ সালে ২২ হাজার ৫৮৬ জন নারী সন্তান প্রসব করেছেন। এর মধ্যে ৩৭ দশমিক ৬৬ শতাংশ হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। যদিও আন্তর্জাতিক মানদণ্ডে তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকার কথা।

আজ রোববার নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটি উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বহির্বিভাগে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব এবং মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য পরামর্শ দেওয়ার নির্দেশনা রয়েছে সিভিল সার্জন কার্যালয় থেকে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, সিলেটের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৬০ দশমিক ৪ শতাংশ নারী সন্তান প্রসব করছেন। বাকিরা বাড়িতেই সন্তান প্রসব করছেন। তাঁরা স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করছেন। সে হিসাবে গেলে অস্ত্রোপচারের হার কমে আসবে।

সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিএইচআইএস-২-এর ডেটাবেজের তথ্য থেকে জানিয়েছে, ২০২২ সালে জেলায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন ১৪ হাজার ৮০ জন এবং স্বাভাবিক প্রসব করেছেন ৮ হাজার ৫০৬ জন। সরকারি হাসপাতালগুলোর তুলনায় বেসরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক প্রসবের হার কম। সরকারি হাসপাতালে প্রায় ৮০ শতাংশ স্বাভাবিকব এবং ২০ শতাংশ অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়ে থাকে। বেসরকারি হাসপাতালগুলোতে ঠিক এর উল্টো চিত্র দেখা যায়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, এ হাসপাতালে স্বাভাবিক প্রসবের তুলনায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার বেশি। এর মূল কারণ, হাসপাতালে আসা অধিকাংশ নারীকে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বেসরকারি ক্লিনিক থেকে রেফার্ড করা হয়; অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আসেন তাঁরা। সে ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয় বেশি। গত বছর সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন ৫৩ জন নারী। নবজাতক (১ থেকে ২৮ দিন বয়স) মারা গেছে ১০৫ জন।

চিকিৎসকেরা বলছেন, একজন নারীকে গর্ভাবস্থায় (প্রসবের আগপর্যন্ত) অবস্থায় চারবার চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এর মধ্যে গর্ভকালীন এক থেকে দুই মাসের মধ্যে একবার, চতুর্থ মাসে একবার, ষষ্ঠ ও অষ্টম মাসে আরও দুইবার। ২০২২ সালের সরকারি হিসাব অনুযায়ী, গর্ভকালীন অবস্থায় একবার হলেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ২১ হাজার ২৪ জন। নিয়ম অনুযায়ী চারবার চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ৫ হাজার ৫০০ জন। আগের থেকে এ হার বাড়ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা হিমাংশু শীল বলেন, প্রথম সন্তান জন্মের সময় বাইরে চিকিৎসক দেখানো ওষুধপত্রসহ সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার। পরে দুইবার অস্ত্রোপচার করে সন্তান জন্ম দিতে দ্বিগুণ খরচ হয়েছে। সরকারি হাসপাতালে ভিড় বেশি। তিনি সন্তান জন্মের আগে স্ত্রীকে চার ধাপে চিকিৎসকের কাছে নিয়ে বিভিন্ন পরামর্শ নিয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের পর তাঁর স্ত্রীর পিঠ ও মেরুদণ্ডে ব্যথা আছে। সে জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে।

জেলার ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, সিলেটে ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের সন্তান প্রসবের হার বেশি। ঘরে সন্তান প্রসবের হার কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারীরা যেন এলাকার স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করতে পারেন, সরকারের স্বাস্থ্য বিভাগ সে লক্ষ্যে কাজ করছে। এমন উদ্যোগের ফলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার কমে আসছে।

বেসরকারি হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে অস্ত্রোপচারে সন্তান প্রসবের হার বাড়ার কারণ সম্পর্কে জন্মেজয় দত্ত বলেন, প্রথম সন্তান জন্মের সময় অস্ত্রোপচার হলে দ্বিতীয় ও তৃতীয় সন্তান প্রসবের ক্ষেত্রে স্বাভাবিক সন্তান প্রসবের সুযোগ কমে যাবে। আর বেসরকারি হাসপাতালে ব্যবসায়িক মনোবৃত্তির সেখানে অস্ত্রোপচারের সংখ্যা বেশি।  

সিভিল সার্জন এস এম ই শাহরিয়ার বলেন, সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের হার প্রায় ১০ গুণ বেশি। তবে তাঁরা সঠিকভাবে প্রসবের তথ্য-উপাত্ত দিতে চায় না।