কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে মিলল প্রায় ২২ লাখ টাকার হেরোইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মিরপুর-দৌলতপুর সড়কে চলাচলকারী ‘সাদিয়া পরিবহন’ নামের বাস থেকে এ মাদক জব্দ করা হয়।

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হেরোইন জব্দের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সংস্থাটির দাবি, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রফিকুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘সাদিয়া পরিবহন’ নামে ওই বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।