দর্শনার্থীরা জানতে চান, কবে খুলবে হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। গত সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঢুকতেই নজরে পড়ে আকাশছোঁয়া বিশাল ডাইনোসরের ভাস্কর্য। তার পূর্ব পাশেই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র। দীর্ঘ ১১ বছর ধরে পার্কের এই অংশ দুটি অযত্ন ও অবহেলায় পড়ে আছে। পার্কে আসা দর্শনার্থীরা জানতে চান, কবে খুলে দেওয়া হবে হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র?

কক্সবাজার শহর থেকে ৭৪ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলায় এই সাফারি পার্কের অবস্থান। পার্কের প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে ১২ মিনিটের একটি প্রমাণ্য ভিডিও চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হতো বনাঞ্চলের গাছপালা, বন্য প্রাণীর মডেল, ম্যুরাল ও স্টাফিং। আর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত ছিল প্রায় দুই হাজার বন্য প্রাণীর দেহাবশেষ, স্পেসিমেন ও ৩০০ প্রজাতির গাছপালার হারবেরিয়াম, যা দেখে মুগ্ধ হতেন দর্শনার্থী, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা।

সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত হাজার দর্শনার্থী এখানে ভ্রমণ করেন। গত ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চার দিনের ছুটিতে অন্তত ২৮ হাজার দর্শনার্থী সাফারি পার্ক ভ্রমণ করেছেন। তাঁরা বাঘ, সিংহ, ভালুক, হরিণ, হাতি, জেব্রাসহ হাজার প্রজাতির বন্য প্রাণী দেখে মুগ্ধ হলেও পার্কের গুরুত্বপূর্ণ অংশ দুটি বন্ধ দেখে অনেকে হতাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

জানতে চাইলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র দুটি নষ্ট হয়ে গেছে। এগুলো ভেঙে নতুন করে নির্মাণের জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র ভেঙে ফেলা হবে। নতুন প্রকল্পেও বনাঞ্চলের গাছপালা, বন্য প্রাণী সম্পর্কে আরও বিশদভাবে দেখা ও জানার বিষয় সংরক্ষণ থাকবে।

২০০১ সালের ১৯ জানুয়ারি ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এই সাফারি পার্ক। এর আগে ১৯৮০ সালে এটি ছিল হরিণ প্রজননকেন্দ্র। বর্তমানে পার্কের বিভিন্ন বেষ্টনীতে আছে সিংহ, বাঘ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, জলহস্তী, ময়ূর, অজগর, কুমির, হাতি, ভালুক, হরিণ, লামচিতা, শকুন, কচ্ছপ, রাজধনেশ, কাকধনেশ, ইগল, সাদা বক, রঙিলা বক, সারস, কাস্তেচরা, মথুরা, নিশিবক, কানিবক, বনগরুসহ ৫২ প্রজাতির ৩৪১ প্রাণী।

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীর ভিড়
ছবি: প্রথম আলো

বেহাল প্রকৃতিবীক্ষণ কেন্দ্র

গত সোমবার দুপুরে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, ডাইনোসর ভাস্কর্যের দক্ষিণ পাশে বেহাল অবস্থায় পড়ে আছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটি। কেন্দ্রে যাওয়ার পথে সামনে পড়ে একটি সাইনবোর্ড, তাতে লেখা আছে, ‘প্রকৃতিবীক্ষণ কেন্দ্র মোট সময় ১২ মিনিট। দেখার দৃশ্য: বাংলাদেশের বন্য প্রাণী ও বনাঞ্চল। প্রতি শোতে ধারণক্ষমতা ২০ জন। প্রবেশ ফি: প্রতি গ্রুপ ২০০ টাকা।’ দর্শনার্থীরা অতি উৎসাহ নিয়ে কেন্দ্রের সামনে গিয়ে জড়ো হন। কিন্তু দরজায় তালা এবং ভাঙা দরজা ও জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখে চরম হতাশ হন তাঁরা।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, বন্য প্রাণী ও বনাঞ্চল সম্পর্কে ধারণা দিতে ২০০৬ সালের ২৬ এপ্রিল প্রকৃতিবীক্ষণ কেন্দ্র ও হিস্ট্রি মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। এটি দেশের প্রথম প্রকৃতিবীক্ষণ কেন্দ্র। প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে প্রায় ১০০ ধরনের বন্য প্রাণী ও অসংখ্য গাছপালার মডেল ও ম্যুরাল সংরক্ষণ করা হয়।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটি গবেষক ও শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসত। তিনিও দুবার কেন্দ্রে ঢুকে বনাঞ্চলের গাছপালা, বন্য প্রাণীর মডেল ও ম্যুরাল দেখার সুযোগ পেয়েছেন। কেন্দ্রে এমন কিছু গাছপালার প্রতিকৃতি সংরক্ষিত ছিল, যা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে।

আরও পড়ুন

পার্ক কর্তৃপক্ষ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটি নির্মাণ করেছিল। ছয় বছর পর্যন্ত ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটি পরিচালনা করেন। তিনি দেশে ফিরে যাওয়ার পর অর্থাৎ ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে কেন্দ্রে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর দক্ষ লোকের অভাবে কেন্দ্রটি বন্ধ থাকে। দীর্ঘ ১১ বছর কেন্দ্রটি বন্ধ পড়ে থাকায় ভেতরে বৈদ্যুতিক তার, বাতি, ১২ মিনিটের ভিডিও চিত্র দেখানোর যন্ত্রপাতিসহ আনুষঙ্গিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।

বন্ধ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

প্রকৃতিবীক্ষণ কেন্দ্রের দক্ষিণপাশ লাগোয়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। একটা সময় প্রায় দুই হাজার প্রাণীর দেহাবশেষ, স্পেসিমেন ও স্টাফিং এবং ৩০০ প্রজাতির গাছপালার হারবেরিয়াম নিয়ে গড়ে তোলা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখার জন্য লোকজনের ভিড় লেগে থাকত। লোকবলসংকটের কারণে এটিও ১১ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। ভেতরে সংরক্ষিত বন্য প্রাণীর দেহাবশেষগুলোও নষ্ট হয়ে গেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী মিউজিয়াম বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে হতাশা ব্যক্ত করেন।

গত সোমবার এক ছেলেকে নিয়ে মিউজিয়াম দেখতে আসেন চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী হেলাল উদ্দিন (৫৫)। তিনি হতাশা ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, সাফারি পার্ক যাঁরা ভ্রমণ করেন, তাঁদের ৬০ শতাংশের চাহিদা ও আগ্রহ থাকে বনাঞ্চল ও বন্য প্রাণী সম্পর্কে অতীত ইতিহাস জানা। হিস্ট্রি মিউজিয়ামে তিনি একবার ঘুরে দেখার সুযোগ পান। সেখানে দুর্লভ বন্য প্রাণীর চামড়া, দেহাবশেষ ও বিলুপ্ত প্রজাতির গাছপালা সংরক্ষণ ছিল জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ছেলেকে এসব দেখানোর জন্য পার্কে নিয়ে এসেছিলেন তিনি, কিন্তু বন্ধ দেখে হতাশ হয়েছেন। বন্য প্রাণী নিয়ে গবেষণা এবং স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য এগুলোর সংস্কার জরুরি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাফারি পার্কে ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়াম ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। শুরুর দিকে পর্যটক, শিক্ষার্থী ও গবেষকেরা বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় বন্য প্রাণী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। কারিগরি সমস্যা ও জনবলসংকটের ফলে কেন্দ্র দুটি অচল হয়ে পড়েছে।

আরও পড়ুন