কেন্দ্রীয় নেতাদের নিয়ে বরিশালে খায়ের আবদুল্লাহর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরের সদর রোডে সার্কিট হাউসের সামনে কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজুলুল করিম, সহসভাপতি সাইদুর রহমান উপস্থিত থাকলেও মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীদের দেখা যায়নি। অনুষ্ঠানে আগত নেতা-কর্মীদের অধিকাংশই পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক এবং দলীয় পদ থেকে ছিটকে পড়া সাবেক নেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে গ্রহণ করেছেন। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে বরিশাল সিটি নির্বাচনে এবার আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন। তাঁকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে জয় নিশ্চিত করতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। কারণ, কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। সারা পৃথিবী যখন মন্দাভাব, করোনা মহামারি, যুদ্ধবিগ্রহে অস্থির; তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা অক্ষুণ্ন আছে। সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়লাভ করাতে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, মুখ থুবড়ে পড়া বরিশালের উন্নয়ন করতে হলে আবুল খায়ের আবদুল্লাহকে নির্বাচিত করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এ জন্য দলীয় নেতা-কর্মীদের বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশাল নগরবাসীর উন্নয়নের জন্য মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, জনগণের ভোটে জয়ী হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষা করে বরিশালের মানুষকে আন্তরিক সেবা দেব। এ শহরকে একটি আধুনিক, উন্নত শহরে পরিণত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু কাজ করব।’