চট্টগ্রামের জঙ্গল সলিমপুর
পানি খেয়ে অসুস্থ তিন পুলিশ সদস্য, ‘সন্ত্রাসী’ ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পের ট্যাংক থেকে পানি পান করে বাহিনীর তিন সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করা হয়।
মামলায় আসামিদের মধ্যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি। মামলার বিষয়টি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘মামলায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী দল ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকেও আসামি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
গতকাল রোববার সকাল সাতটার দিকে ক্যাম্পের ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন পুলিশ কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল সকালে পুলিশের ওই তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। বিষয়টিকে গুরুত্ব না দিয়েই তাঁরা কিছু পানি পান করেন। পরে পানিতে একধরনের গন্ধ অনুভব করেন। এর কিছুক্ষণ পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পের পানির ট্যাংকে পাইপলাইনের মাধ্যমে বিষাক্ত কিছু দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পের পানি পাশের একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে আনা হয়।’
অসুস্থ পুলিশ সদস্যরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানান ওসি। তিনি আরও বলেন, ‘ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি পানি ফেলে দিয়ে ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে।’
চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে কিছু দূর গিয়ে চোখে পড়ে পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর। ছিন্নমূল ও আলীনগর—মূলত এ দুটি অংশ নিয়ে গড়ে উঠেছে এলাকাটি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে ছিল এলাকাটি। গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বরং অভিযানে গিয়ে হামলার শিকার হতে হয়েছে।