দেড় বছরের আমলনামা যাচাই করে ভোট দেওয়ার আহ্বান সারজিসের

সারজিস আলম শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেনছবি: প্রথম আলো

পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গত দেড় বছরে কার কী আমলনামা ছিল, সেটা দেখে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে শাপলাকলি প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, দেড় বছর যেতে না যেতেই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-সম্মানকে আবারও তথাকথিত পুরোনো রাজনৈতিক কালচারের শকুন আঁকড়ে ধরেছে।

সারজিস আরও বলেন, ‘ভেবেছিলাম, আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত একটা প্রশাসন পাব, আমরা ভেবেছিলাম সরকারি প্রতিটি অফিস–আদালতে জনগণের প্রাপ্য সেবাগুলো আমরা বুঝে পাব, আমরা ভেবেছিলাম থানায় গিয়ে টাকা ছাড়া কাজ হবে, ভূমি অফিসে গিয়ে টাকা ছাড়া কাজ হবে, রাজনৈতিক দলগুলো মাইনেম বসানো রাজনীতি করবে না, প্রতিটা জায়গায় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার স্বাধীনতা পাবেন, শ্রমিকেরা তাঁদের ন্যায্য মজুরি বুঝে পাবেন, প্রত্যেক মানুষ একটি ইনসাফের এবং সম্মানের জীবন ফিরে পাবেন।’ কিন্তু কিছু তথাকথিত রাজনীতিবিদ, কিছু রাজনৈতিক দলের তথাকথিত নেতা–কর্মী আবার বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে তাঁর অভিযোগ।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো একটি দলের কাছে, মার্কার কাছে জিম্মি হয়ে থাকার কোনো দিন নেই।