নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধের দাবিতে হাজারো নারী-পুরুষের মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী নদীর ভাঙন রোধের দাবিতে নদীর তীরে এলাকাবাসীর মানববন্ধন। আজ দুপুরে চর এলাহীর চর কচ্ছপিয়া এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নে বামনী নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন, নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও রেগুলেটর চালু করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের চর কচ্ছপিয়ার নদীভাঙন এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন চর এলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা, ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আইয়ুব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ অনেকে। বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের বামনী নদীর ভাঙন প্রতিরোধে চর এলাহী এলাকায় একটি রেগুলেটর নির্মাণ এবং বিকল্প একটি খাল খনন করা হয় কয়েক বছর আগে। কথা ছিল রেগুলেটর নির্মাণকাজ শেষ হলে বামনী নদীতে একটি ক্লোজার (বাঁধ) নির্মাণ করা হবে। কিন্তু অজ্ঞাত কারণে ক্লোজার নির্মাণ করা হচ্ছে না। যার কারণে চাপরাশি খালের দুই পাড়ে ভাঙনে এরই মধ্যে শত শত পরিবার ভিটেমাটি হারিয়েছে।

বক্তারা হলেন, বর্তমানে বামনী নদী যেভাবে ভাঙছে, তাতে আগামী বর্ষায় নদীতীরবর্তী অনেক বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে বামনী নদীতে ক্লোজার নির্মাণ করতে হবে। পাশাপাশি ইতিপূর্বে নির্মাণ করে রাখা রেগুলেটর চালু করার দাবি জানান তাঁরা।

বামনী নদীর ভাঙনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিটেমাটি হারা আবদুল খালেক। তিনি প্রথম আলোকে বলেন, বামনী নদী থেকে তাঁর বাড়ি ছিল প্রায় আধা কিলোমিটার দূরে। বছরখানেক আগে তিনি নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন অন্যের জমিতে কোনোরকমে ছোট্ট একটি ঘর তৈরি করে মাথায় গুঁজছেন। যে হারে নদী ভাঙছে, তাতে আগামী বর্ষায় সেই বসতীও হয়তো আর থাকবে না।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী প্রথম আলোকে বলেন, বামনী নদীর ক্লোজার (বাঁধ) নির্মাণের একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তাঁরা চেষ্টা করছেন, রেগুলেটরটি খুলে দেওয়ার। তা করা গেলে নদীর ভাঙন কমে যাবে।