নাজিরপুরে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রাস্তা পারাপারের সময়ে পিকআপ ভ্যানের চাপায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ উপজেলা দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। কামরুল শেখ পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও নিহত কৃষকের পরিবারের লোকজন বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে কামরুল শেখ মাঠে ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। সকাল সাতটার দিকে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে পিরোজপুর থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় এক মোটরসাইকেলচালক মুঠোফোনে কামরুল শেখের স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত কামরুলের শেখের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘আমার স্বামী ভোরে ধান কাটার জন্য কাস্তে নিয়ে বাড়ি থেকে বের হন। আধা ঘণ্টা পরে আমরা তাঁর মৃত্যুর খবর পাই।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।