কৃষ্ণকে নির্যাতনের সত্যতা পেয়েছে কমিটি, দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাইম আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃষ্ণ রায়কে হলের কক্ষে আটকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকে নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ছাড়া অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি গতকাল সন্ধ্যায় তাঁর হাতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাঁরা হলে একটি সভা করবেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলের কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মো. নাইম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এরপর ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন কৃষ্ণ রায়। অভিযোগে নির্যাতনের পাশাপাশি ওই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা এ ঘটনা অস্বীকার করে আসছিলেন।

আরও পড়ুন

অভিযোগ জমা দেওয়ার পর ১৫ ফেব্রুয়ারি এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান করা হয়। তবে ওই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরে কমিটি গঠনের ১২ দিন পর প্রতিবেদন জমা দেওয়া হলো।

তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক অনুপম হীরা মণ্ডল। এ ছাড়া অন্য দুই সদস্য হলেন হলের আবাসিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান গফুর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঞা।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি কমিটি অভিযোগকারী কৃষ্ণ রায়, অভিযুক্ত নাইম আলী, সোলাইমান, প্রত্যক্ষদর্শী মাহাবুব বিল্লাহ, কৃষ্ণ রায়ের রুমমেট কামরুল, হলের প্রহরী মনিরুজ্জামান বাচ্চু, রজব আলীর সাক্ষাৎকার নেয়। তাঁদের বক্তব্য ও পত্রিকায় আসা সংবাদের ভিত্তিতে কৃষ্ণ রায়কে নির্যাতনের সত্যতা পায় কমিটি। এ ছাড়া কমিটি নাইম আলী ও সোলাইমানের বিষয়ে আগেও হলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর বলে প্রমাণ পেয়েছে। কমিটি অন্তত পাঁচটি সুপারিশ করেছে।

আরও পড়ুন

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাইম আলী ও মো. সোলাইমান হলের অনাবাসিক শিক্ষার্থী। তাঁরা কোনো দিন হলে আবাসিক থাকার জন্য আবেদন করেননি। এর মধ্যে নাইম আলীর বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ পাওয়া গেছে। তিনি অবৈধভাবে হলে সিট দখল, বৈধ শিক্ষার্থীকে সিট থেকে নামতে বাধ্য করা, হলের সিট বরাদ্দের সময় সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়াসহ নানা অনৈতিক কাজে যুক্ত বলে অভিযোগ আছে। এ ছাড়া নাইম একাধিকবার আবাসিক শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রাধ্যক্ষকে হুমকি দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলার স্বার্থে অভিযুক্ত ও অনাবাসিক দুই ছাত্রকে আর কখনো হলে আবাসিকতা প্রদান না করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্যও তদন্ত কমিটি সুপারিশ করেছে। তবে নির্যাতনের ঘটনায় নাইম ও সোলাইমানের সঙ্গে আর কে কে ছিলেন, তা সঠিকভাবে বের করতে পারেনি কমিটি।

তদন্ত কমিটির আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল বলেন, তাঁরা সমস্ত প্রক্রিয়া শেষে যথাযথভাবে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এতে সব পক্ষের ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আছে। সবার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁরা সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছেন। এখন বাকি কাজ প্রশাসন করবে।

নির্যাতনের সত্যতা পেয়েছেন কি না, জানতে চাইলে আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল বলেন, তাঁরা ঘটনার সত্যতা পেয়েছেন। সেই অনুযায়ী সুপারিশ করা হয়েছে।

এর আগে কৃষ্ণ রায়কে হলের কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নাইম আলী ও সোলাইমানকে ১৮ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেয় ছাত্রলীগ। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রলীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত জবাব দিয়েছেন বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় দপ্তর সম্পাদক আবুল বাশার। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ওই দুজনই লিখিত জবাব দিয়েছেন। সাধারণ সম্পাদক রাজশাহীর বাইরে আছেন। তিনি ফিরে এলেই লিখিত জবাব পর্যালোচনা করে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।