জামালপুরে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর বাটিকামারী এলাকায় ধানখেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় খাদিজা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খাদিজা জিগাতলা এলাকার রুবেল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চর বাটিকামারী এলাকার একটি ধানখেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। অন্যদিকে গতকাল রাতে জিগাতলা এলাকায় ঘরের মধ্যে খাদিজা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ওই রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দেড় মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল। দুটি ঘটনায় পৃথক আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।