পুষ্টি ও স্বাস্থ্যবার্তা পৌঁছাতে পাঠ্যবই–ব্যবস্থাপত্রে সিল

সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্রগুলোয় সিল প্রদানের এই কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠ্যবইয়ে পুষ্টি ও স্বাস্থ্যবার্তার সিল দেওয়া হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের বড়লেখায় পাঠ্যবই ও চিকিৎসকের ব্যবস্থাপত্রে পাঁচটি তথ্যের সিল দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির উদ্যোক্তা। সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্রগুলোয় সিল প্রদানের এই কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অনেক পরিবারের লোকজনের সামর্থ্য আছে ভালো খাবার গ্রহণের। কিন্তু অনেকেরই অজানা, শুধু ভালো ও দামি খাবার খেলেই শরীরে সুষম পুষ্টির জোগান হয় না। আবার সীমিত আয় ও দরিদ্র শ্রেণির সামর্থ্য নেই ভালো খাবার জোগানোর। অথচ পুষ্টিমানসম্পন্ন অনেক খাবারই আছে, যা গ্রামের যেকোনো মানুষ একটু চেষ্টা, উদ্যোগ নিলেই ব্যবস্থা করতে পারেন। শুধু অভাব স্পষ্ট ধারণার, সচেতনতার। বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভায় পুষ্টি নিয়ে আলোচনা হয়। এই আলোচনা সাধারণের কাছে পৌঁছে না। কীভাবে পুষ্টিবার্তাটি সাধারণের মধ্যে পৌঁছানো যায়, তা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী গত মার্চ মাসের শেষের দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পরে সিদ্ধান্ত হয় পাঠ্যবই ও ব্যবস্থাপত্রে পুষ্টি ও স্বাস্থ্যবার্তার সিল দেওয়ার।

সিলে কী থাকবে, এ নিয়ে কাজ করেন স্বাস্থ্য ও পুষ্টির লোকজন। পরে সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপানুষ্ঠানিক শিক্ষায় যুক্ত এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে পাঠ্যপুস্তক, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষার ফলাফলপত্রের খালি স্থানে পুষ্টিবার্তার সিল প্রদানের কথা জানানো হয়। সবাই উদ্যোগটিকে গ্রহণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানের খরচে সিল তৈরির কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকেও কিছু সিল সরবরাহ করা হয়। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ থেকে ৭৫ শতাংশ পাঠ্যবইয়ে পুষ্টিবার্তার সিল দেওয়া হয়েছে।

সিলে পাঁচটি বিষয় হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ন্যূনতম ৬০ গ্রাম আমিষজাতীয় খাবার (মাছ, মাংস, দুধ, ডিম) ও ৩২৫ গ্রাম শাকসবজি এবং ন্যূনতম একটি করে দেশি ফল খাওয়া উচিত। আপনার শিশুকে জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের শালদুধ খাওয়ান এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়াবেন। প্রসূতি নারীদের স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তি খাবার দিন এবং নিয়ম অনুযায়ী অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষাসহ আয়রন ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম বড়ি খাওয়ান। খাবার তৈরির আগে ও খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন এবং প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা প্রয়োজন।

সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল-আমিন বলেন, এটা দেশের কোনো উপজেলায় প্রথম ব্যতিক্রমী উদ্যোগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান বলেন, অভিভাবকেরাও এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীর বইয়ে সিল দেওয়ায় অনেকে এটা পড়বে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস বলেন, ‘আমরা পুষ্টিবার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাইছি। শুরু করেছি। দেখি আরও কীভাবে কার্যকর করা যায়।’

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘আমরা পুষ্টি নিয়ে সভা করি, কিন্তু সভার কথাগুলো সাধারণ মানুষের কাছে যায় না। ভাবলাম কীভাবে এটা পৌঁছানো যায়। এরপর কথাগুলো ঠিক করে সিল তৈরি করা হয়েছে।’