জ্বালানি তেল কম দেওয়ায় দুটি পেট্রলপাম্পকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি পেট্রলপাম্পকে পরিমাপে তেল কম দেওয়ায় এবং একটি রেস্তোরাঁকে বাসি খাবার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ফেনীর নিরাপদ খাদ্যকর্মকর্তা ও ফেনী সদর মডেল থানা–পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ২টি পেট্রলপাম্পকে পরিমাপে তেল কম দেওয়ায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি রেস্তোরাঁকে বাসি খাবার বিক্রি এবং রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাউছার মিয়া বলেন, আজ দুপুরে সদর উপজেলার এমএম ফিলিং স্টেশন ও মা-মনি ফিলিং স্টেশন নামের দুটি পেট্রোলপাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারচুপি করে গ্রাহকদের তেল কম দেওয়ার দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরের মহিপাল এলাকার ফাইভ স্টার রেস্তোরাঁয় বাসি গ্রিল এবং রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখা ছিল। এ জন্য ওই রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।