দিনাজপুরে হঠাৎ মাটি দেবে কয়েকটি গর্ত, দেখতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল বালুপাড়া এলাকায় মাটি দেবে গিয়ে কিছু গর্তের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে তোলা ছবি
ছবি: প্রথম আলো

দিনাজপুর সদর উপজেলার উমরপাইল বালুপাড়া গ্রামে আবাদি জমি ও বাগানে কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত দেখতে ভিড় করছেন আশপাশের লোকজন।

বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার ও আজ রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বালুপাড়া গ্রামের প্রবেশমুখেই পাকা রাস্তার পাশে অপেক্ষাকৃত নিচু একটি জায়গায় কয়েকটি আম-লিচু ও মেহগনি গাছের বাগান।

গতকালও সেখানে কিছু পানি জমে ছিল। সেই জমিতে একটি গর্তের সৃষ্টি হয়েছে।
জমির পাশে আকবর হোসেনের (৫৫) বাড়ি। তিনি বলেন, গর্ত হওয়া জায়গায় একটা পুকুর ছিল। ২০ বছর আগে এখানে তাঁরা প্রথম বাড়ি করেন। এখানে বালুমাটি ছিল। ৩ থেকে ৪ ফুট খুঁড়লেই বালু পাওয়া যাবে। এলাকার পানি এখানে জমা হয়। প্রথমে ছোট একটি গর্ত ছিল। হঠাৎ গর্তটা একটু বড় হয়ে জমে থাকা পানি একসঙ্গে নিচে চলে যায়। তবে বিকট শব্দ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে আত্রাই নদী।

রাস্তার উল্টো পাশে লাগোয়া তিনটি পাকা বাড়ি। বাড়ির ঠিক পেছনে ১০০ হাত দূরত্বে একটি লিচুবাগান ও একটি আবাদি জমি। দুটো জমিতে মোট তিনটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে একটি গর্তে ইঁদুরের বাসাও দেখা গেছে। গর্তগুলোর চারপাশের মাটিতে ফাটল দেখা দিয়েছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার সকাল সাড়ে আটটায়। বিষয়টি প্রথমে নজরে আসে শশরা ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্তব্যরত গ্রাম পুলিশ কাশেম আলীর। সৃষ্টি হওয়া গর্ত থেকে এক শ গজ দূরত্বেই তাঁর বাড়ি। মুঠোফোনে তিনি বলেন, কয়েকটি জায়গায় গর্তের কথা জেনে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকছেদ আলীকে জানান।

ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী বলেন, গ্রাম পুলিশ বিষয়টি জানালে তিনি গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। কয়েকটি জায়গায় এমন গর্ত হয়েছে। এলাকায় যেন আতঙ্ক না ছড়ায়, এ জন্য তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস বলেন, চেয়ারম্যানের কল পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সব দপ্তরকে জানানো হয়েছে। তবে দেখে মনে হয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা নয়।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘নিজেই ঘটনাস্থলে গিয়েছি। এ রকম হওয়ার কারণ হচ্ছে, আমরা দীর্ঘসময় ধরে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছি বেশি পরিমাণে। ফলে ভূগর্ভ থেকে উত্তোলিত পানির জায়গাটা ফাঁকা হয়ে যায়। কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। ওই জায়গা ফাঁকাই থেকে যাচ্ছে। এবার বেশ লম্বা সময় খরা গেছে। তারপর কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে। উপরিভাগের পানি যখন নিচে থেকে টান পড়েছে, তখন মাটি ফেটে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, যে কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে, সব আবাদি জমিতে; কিন্তু ঘটনাটা বাসাবাড়িতেও তো ঘটতে পারে।