যাঁরা আওয়ামী লীগ করতেন, ভুল নিশ্চয় ভেঙেছে: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়িতেছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে দলের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না।’

আজ সোমবার দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়িতে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাঁদের প্রতি অনুরোধ, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকুন। কারণ, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণ–অভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যাঁরা আগে আওয়ামী লীগ করতেন, তাঁদের ভুল নিশ্চয় এখন ভেঙেছে। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন, এটাই প্রত্যাশা।’

শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তাঁর সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে, আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তাঁরা রাজনীতি করতেই পারেন। সেটি তাঁদের স্বাধীনতা। তবে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকুন।’

‘ধর্মের উসিলায় একটি দল ভোট চায়’ মন্তব্য করে পথসভায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’

পথসভার আয়োজন করে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি। পথসভা ঘিরে শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।