বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টিল কাঠামোর মালামালের প্রথম চালান মোংলা বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টিল কাঠামোর মালামালের প্রথম চালান নিয়ে এসেছে এমভি উহইওন হোপ। শনিবার মোংলা বন্দরে
ছবি: প্রথম আলো

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য স্টিলের কাঠামোর মালামাল নিয়ে একটি জাহাজ বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে এসেছে। আজ শনিবার বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি উহইওন হোপ’ বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায়।

বন্দর সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি উহইওন হোপ জাহাজটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে রওনা করে। রেলসেতুর জন্য স্টিলের এই কাঠামোগুলো তৈরি করেছে ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার এশিয়া লিমিটেড।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের জন্য স্টিলের বিভিন্ন কাঠামো আমদানির এটাই প্রথম চালান বলে জানিয়েছেন মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, জাহাজটি রেলসেতু নির্মাণ প্রকল্পের জন্য ২৬৭টি প্যাকেজের ২ হাজার ৩৫০ দশমিক ৬৩ মেট্রিক টন ‘ফ্যাবরিকেটেড স্টিল ট্রাস মেম্বার উইত্থ লেটারাল ফোর্স সাপোর্ট’ এসেছে। মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করেছে। স্টিলের কাঠামোর এসব মালামাল খালাসের প্রক্রিয়া চলছে।