চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের বাধা
উৎপাদনকারীর নাম নেই পণ্যের গায়ে। মূল্য, উৎপাদনের তারিখও নেই। অথচ চট্টগ্রাম নগরের আমতল এলাকার বাহার মার্কেটের বিভিন্ন দোকানে দেদারে বিক্রি হচ্ছে শ্যাম্পু, সাবান, বেবি লোশনসহ নানা পণ্য। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এসব পণ্য ধরা পড়ে।
কিন্তু সব দোকানে ঢুকতে পারেননি জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা। অভিযান পরিচালনা করার সময় বিক্রেতাদের বাধার মুখে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে চলে আসেন তাঁরা। এর মধ্যে কাজী স্টোরকে ৮০ হাজার টাকা, বশর ট্রেডিংকে ৩০ হাজার টাকা ও ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি দোকানে রাখা পণ্যের গায়ে উৎপাদনকারীর নাম, মূল্য ছিল না। এ ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোকুইনোন রাসায়নিক দিয়ে তৈরি হওয়া পাকিস্তানি সাবান পাওয়া যায় তিনটি দোকানে।
বাধার বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে বাহার মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তামাককুন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবিরের নেতৃত্বে একদল অসাধু ব্যবসায়ী মাইকে ঘোষণা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার স্থানে জড় হন। তাঁদের বাধার মুখে মাত্র তিনটি দোকানে জরিমানা করে অভিযান শেষ করতে হয় ভ্রাম্যমাণ আদালতের। এ অসাধু ব্যবসায়ীরা দুর্ব্যবহার করেন।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমেদ কবিরের নেতৃত্বে প্রচুর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত এবং পরবর্তী সময়ে তারিখ পরিবর্তন করে সারা দেশে বিক্রি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ কবির। তিনি দাবি করেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি কোনো খারাপ আচরণ করেননি। উল্টো তাঁদের সাহায্য করতে চেয়েছিলেন। এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরে অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেছিলেন।
জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কাস্টমস, র্যাব, বিজিবি, পুলিশ, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই চট্টগ্রামে এসব অসাধু ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা চলতে দেওয়া হবে না।