মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কারাদন্ডপ্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে একজন মা তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করেছেন। আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

সাজা পাওয়া তরুণের নাম সোহেল রানা (২৩)। তাঁর মায়ের নাম জোসনা খাতুন। তাঁদের বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। সাজা দেওয়ার পর থানা–পুলিশের মাধ্যমে সোহেলকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জোসনা খাতুন বলেন, তাঁর ছেলে (সোহেল) অন্তত তিন বছর বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত। ছেলে নেশার টাকার জন্য তাঁদের মারধর করত। টাকা না দিলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত। মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে তাঁরা থানা–পুলিশের কাছে সহায়তা নিয়েছেন। নেশাগ্রস্ত ছেলে আটক হওয়ায় তিনি রক্ষা পেয়েছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সোহেল রানার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে মাদকাসক্ত অবস্থায় তাঁকে তাঁদের বাড়ির সামনে থেকে আটক করা হয়। নেশার টাকা না পেয়ে তিনি যে বাড়িঘর ভাঙচুর করেছেন, তা–ও তাঁরা প্রত্যক্ষ করেছেন। আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সোহেল মাদক সেবন করার কথা স্বীকার করেছেন। সাজা দেওয়ার পর তাঁকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে।