টেকনাফে সমুদ্রসৈকত থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া সমুদ্রসৈকতের নৌঘাট এলাকা থেকে দুই তরুণ–তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল নয়টার দিকে লাশ দুটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ–সংলগ্ন সমুদ্রসৈকতে ওই তরুণ-তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জালাল আহমদ নামের স্থানীয় এক জেলে প্রথম আলোকে বলেন, সকালে তিনি সৈকতে নেমে দেখেন, কিছু লোক বালুচরে পড়ে থাকা তরুণ-তরুণীর লাশ ঘিরে রয়েছেন। লাশ দুটি দেখে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে মনে হয়নি। অন্য কোথাও দুজনকে হত্যার পর কেউ সমুদ্রসৈকতে লাশ ফেলে গেছে বলে ধারণা তাঁর।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর ১২টা পর্যন্ত লাশ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণ-তরুণীকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সাগরপথে মানব পাচার, মুক্তিপণ আদায়কে কেন্দ্র করে এটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ওই তরুণ-তরুণীর শরীরে জখমের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।