সিলেটে নাট্যসংগঠকের বিরুদ্ধে নারী ও শিশু নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়
ছবি: প্রথম আলো

সিলেটের নাট্যসংগঠক ও আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরী ওরফে লিটনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট এবং সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ করে এ অভিযোগ করেছে। আজ সোমবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম চৌধুরীকে সংগঠনের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আমিনুল ইসলামের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ প্রকাশিত হয়। এ কারণে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কয়েক দিন ধরে ফেসবুকে একাধিক নারী ও সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত অনেকেই আমিনুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে যৌন নিপীড়ন ও নারীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ এনে পোস্ট দেন। এ ছাড়া এক নারীর সঙ্গে আমিনুলের ‘কণ্ঠসদৃশ’ ব্যক্তিগত আলাপচারিতাও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন অভিযুক্ত আমিনুলকে সাংস্কৃতিক অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করাসহ তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যদি কেউ ভুক্তভোগী হতেন, তাহলে তিনি নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতেন। সেটা না করে আমাকে হেয়প্রতিপন্ন করতে কিছু মানুষ উঠেপড়ে লেগেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন।’

কর্মসূচিতে সিলেটের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
ছবি: প্রথম আলো

এদিকে আজ দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী কিম। সভা সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের আহ্বায়ক জান্নাত আরা খান পান্না।

কর্মসূচিতে সিলেটের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিশু ও নারী নিপীড়নের অভিযোগ এনে আমিনুল ইসলামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ ছাড়া তাঁকে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার দাবি জানানো হয়।

অধ্যাপক নাজিয়া চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নারী ও শিশু নিগ্রহের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপিত হলে সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই দোষী বলা যাবে না আবার নির্দোষও বলা যাবে না। এমন অভিযোগ এলে সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। আর নিপীড়নের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। সামাজিক নেতাদের তাঁর পাশে দাঁড়াতে হবে, নির্ভয়ে যেন অভিযোগকারী তাঁর অভিযোগ তুলে ধরতে পারেন, এর নিশ্চয়তাও দিতে হবে।