দুই পক্ষের বিরোধে রাস্তায় বেড়া, তিন ঘণ্টা পর মরদেহ শ্মশানে
দুই পক্ষের বিরোধের জেরে রাস্তা বন্ধ থাকায় মরদেহ নিয়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। পরে এক পক্ষের টিনের বেড়া খুলে মরদেহ শ্মশানে নেওয়া হয়। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে মোগড়া গ্রামের সুধীর পাল (৮৫) মারা যান। আজ সকাল আটটার দিকে সৎকারের জন্য শ্মশানে যেতে ঘর থেকে সুধীরের মরদেহ বের করেন স্বজনেরা। কিন্তু মোগড়া গ্রাম থেকে শ্মশানে যাওয়ার রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ দেখতে পেয়ে লোকজন সেখানেই অপেক্ষা করতে থাকেন। খবর পেয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা ঘটনাস্থলে আসেন। তাঁরা উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে আখাউড়া থানা থেকে পুলিশ সদস্য সেখানে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা নিয়ে মোগড়া গ্রামের আলমগীর মিয়া ও শামীম মিয়া নামের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। প্রায় দুই মাস আগে জায়গা দখলে নিতে শামীম শ্মশানে যাওয়ার ৮ ফুট প্রশস্তের রাস্তায় বেড়া দিয়ে দেন। অন্যদিকে আলমগীর ঘর তুলে রাখাসহ গাছ লাগিয়ে জায়গা দখলে রাখেন।
উপজেলা প্রশাসন, পুলিশ, ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে আজ বেলা ১১টার দিকে শামীম টিনের বেড়া সরিয়ে নেন। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত আর বেড়া না দিতে বলা হলেও শামীম তা মানেননি। বেড়া সরিয়ে নেওয়ার পর স্বজনেরা সুধীরের মরদেহ নিয়ে শ্মশানে যান। পরপরই শামীম সেখানে টিনের বেড়া আবার দিয়ে দেন।
মোগড়া গ্রামের শিউলি আক্তার বলেন, শ্মশানে যাওয়ার রাস্তার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুই মাস আগে একটি সালিস করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুজনকে সীমানা নির্ধারণ করে দেন। শামীমকে রাস্তার ওপর টিনের বেড়া না দিতে এবং আলমগীরকে রাস্তার জন্য জায়গা ছাড়তে নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান। কিন্তু শামীম তারপরও রাস্তার ওপর টিনের বেড়া দেন। আর আলমগীর জায়গা দখলে রাখেন ও আদালতে মামলা করেন। পরে টিনের বেড়া খুলে দিলেও রাস্তার পরিবর্তে শামীমের বাড়ির ভেতর দিয়ে মরদেহ নিয়ে যান স্বজনেরা।
শামীম মিয়া বলেন, ‘সালিসে আমাকে যতটুকু জমি নেওয়ার রায় দেওয়া হয়েছে, সেভাবেই বেড়া দিয়েছি। রাস্তা আলমগীরের জায়গায় পড়েছে। তারপরও রাস্তার জন্য আরও জায়গা ছাড়ার রায় দিলে তা মেনে নেব।’
আলমগীর মিয়া বলেন, ‘আমি শামীমের কাছে জায়গা পাই। সালিসে একতরফা রায় দেওয়া হয়েছে। তাই মামলা করেছি।’
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বেড়া খুলে মরদেহ নেওয়ার ব্যবস্থা করে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।