নরসিংদীতে একসঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সব সংসদ সদস্য

নরসিংদীর মনোহরদী উপজেলার মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ জেলার সব সংসদ সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামেছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলার মহিষাখালী খাল খননকাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এই সময় জেলার সব সংসদ সদস্য তাঁর সঙ্গে ছিলেন। আজ সোমবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে খাল খনন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী–২ (পলাশ) আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির (খোকন), নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এই খাল খনন কর্মসূচি বর্ষাকালে কৃষকদের শতভাগ কাজে আসবে। এর মাধ্যমে ফসল ফলানোসহ সব দিক থেকে উপকৃত হবেন কৃষকেরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের কল্যাণে খরারোধে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থ বাস্তবায়ন শুরু করা হয়েছে।

প্রধান অতিথি আবদুল মঈন খান বলেন, বর্তমান বিশ্বে পানির স্বাভাবিক সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। তাই নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা গুরুত্বপূর্ণ। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার (দোলন) প্রমুখ।