আড়াইহাজারে প্রচার শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের সাবেক এক নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের ওপর এই ঘটনা ঘটে বলে অভিযোগ পেয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি মো. আলাউদ্দিন বলেন, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি ছিলেন তাঁর ব্যক্তিগত গাড়িটির চালকের আসনে। পাশে তাঁর বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বসা ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বলে জানান যুবদল নেতা সাদেকুর রহমান। তাঁরা প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।’
তিনি আরও বলেন, এ ঘটনার পর অল্প দূরত্বে থাকা দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে থানায় যান বলে জানান সাদেকুর। হামলাকারী দুই যুবকের বয়স অনুর্ধ্ব ৩০ এবং তাঁদের কারোরই মাথায় হেলমেট ছিল না বলেও জানিয়েছেন এ যুবদল নেতা।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, ‘হামলা ও গুলি চালানোর অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’