ঢাকা-রংপুর ছয় লেন মহাসড়ক
৪২ মাসে অগ্রগতি ৬০ ভাগ
গাইবান্ধার ৩০ কিলোমিটার অংশের মধ্যে ৫ কিলোমিটার মহাসড়কের দুই পাশে জমি বুঝে পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গাইবান্ধায় ভূমি অধিগ্রহণ জটিলতায় ছয় লেনের ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক নির্মাণকাজ থমকে আছে। কাজ চলছে শম্বুকগতিতে। সাড়ে তিন বছরে কাজের অগ্রগতি মাত্র ৬০ ভাগ। জায়গা বুঝে না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আট মাসের বেশি সময় ধরে হাত গুটিয়ে বসে আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ পড়েছে গাইবান্ধা জেলায়। দক্ষিণে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে উত্তরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কটি বিস্তৃত।
সূত্রটি জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তযোগাযোগে একটি মহাপরিকল্পনা হাতে নেয় সরকার। প্রকল্পের নাম দেয় ‘সাউথ এশিয়ান সাব–রিজিওনাল ইকোনমিক করপোরেশন’ (সাসেক)। প্রকল্পের আওতায় ঢাকা-রংপুর মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ হাতে নেওয়া হয়। গাইবান্ধার ৩০ কিলোমিটার অংশের কাজের দায়িত্ব পায় চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন’ (সিএসসিইসি)। এ অংশের কাজের জন্য ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয়। ২০১৯ সালের জুলাইয়ে কাজ শুরু হয়। সময়সীমা অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে কাজ শেষ করার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প শেষ করতে সময় আছে মাত্র এক বছর। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। কাজ শুরুর প্রায় সাড়ে তিন বছরে ২৫ কিলোমিটার অংশে মহাসড়কের পাশের জমি বুঝে পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি পাঁচ কিলোমিটার অংশের দুই পাশের জমি বুঝিয়ে দেয়নি জেলা প্রশাসনের ভূমি (এলএ) শাখা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের গাফিলতির কারণে জমি অধিগ্রহণ আটকে আছে বলে অভিযোগ রয়েছে।
সওজের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে মহাসড়কের দুই পাশের জমি বুঝিয়ে না দেওয়ায় তাঁরা কাজ এগোতে পারছেন না। এ ব্যাপারে জেলা প্রশাসনকে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসসিইসি সূত্রে জানা গেছে, বাকি থাকা পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটারের টাকা ছয়-সাত মাস আগে জেলা প্রশাসককে বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ভূমি শাখাকে এখন পর্যন্ত ৪৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। চাহিদা দিলে বাকি টাকাও দেওয়া হবে। কিন্তু জায়গা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান আট মাসের বেশি সময় হাত গুটিয়ে বসে আছে। কাজ না চললেও প্রতি মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা ও অন্যান্য খাতে দুই কোটি টাকা খরচ হচ্ছে। জমি বুঝে পেলে বাকি টাকা দিতে প্রতিষ্ঠানটির কোনো সমস্যা নেই।
সিএসসিইসির পরিকল্পনা প্রকৌশলী শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কটি হলে উত্তরাঞ্চলের মানুষের সুবিধা হবে। আগামী ৩০–৪০ বছর তাঁদের যাতায়াতের দুর্ভোগ কমবে। কিন্তু জমি বুঝে না পাওয়ায় চার-পাঁচ কিলোমিটারের কাজে হাত দেওয়া যাচ্ছে না। সাড়ে তিন বছর চেষ্টা করেও উপজেলা শহরের দুই কিলোমিটার এবং ফাঁসিতলা বাজার থেকে চাপরিগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটার অংশের কাজে হাত দেওয়া যায়নি। এর মধ্যে উপজেলা শহরের দুই কিলোমিটার অংশে উড়ালসড়ক হবে। জমি বুঝে পেলে কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করা সম্ভব।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের নির্মাণকাজ প্রায় বন্ধ। বিভিন্ন জায়গায় যন্ত্রপাতি ও মেশিন পড়ে আছে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বগচরসহ কিছু এলাকায় মহাসড়কে বালু ফেলা হচ্ছে। মহাসড়কের পাশের অনেক ভবন এখনো ভাঙা হয়নি।
জমির মালিকেরা জানান, অধিগ্রহণের টাকা না বুঝে পাওয়ায় তাঁরা ভবন ভাঙতে দেননি। মহাসড়কের পাশে পাকা ঘরসহ প্রায় আট শতক জমি আছে গোবিন্দগঞ্জের মোগলটুলি গ্রামের সারওয়ার হোসেনের। তিনি বলেন, প্রায় এক বছর ঘুরেও তিনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। এ জন্য ঘর ভাঙা আটকে আছে।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে অনেক জমির মালিক মালিকানা দাবি করে আপত্তি দিয়েছেন। অনেকে মিস কেস করেছেন। সেগুলো শুনানি করে নিষ্পত্তি করতে দেরি হচ্ছে। নিষ্পত্তি না করে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রকৃত জমির মালিকেরা যাতে সঠিকভাবে ক্ষতিপূরণ পান, সেদিকটিও লক্ষ করা হচ্ছে। তবে উন্নয়নের স্বার্থে ভূমি অধিগ্রহণ শাখাকে আপত্তি ও মিস কেস দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।