ফেনীতে রেললাইন থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় রেললাইন থেকে এক অজ্ঞাতনামা যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথ অংশের ধুমঘাট রেলওয়ে সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ওই যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।
ফেনী রেলস্টেশন ক্যাম্প পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মুহুরীগঞ্জ রেলস্টেশন থেকে কিছুটা দূরে ধুমঘাট রেলওয়ে সেতুর ওপরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের এক হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বলেন, ওই যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।