চাঁদপুর-২ আসনে ১৫৫ ভোটকেন্দ্রের সব কটিতেই জিতেছেন বিএনপি প্রার্থী

চাঁদপুর-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয় পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন। আসনটির মোট ১৫৫টি ভোটকেন্দ্রের একটিতেও হারেননি তিনি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজারের বেশি। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ জালাল উদ্দিন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত জোটের প্রার্থী বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। এতে ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয় পান বিএনপি প্রার্থী।

সূত্রটি আরও জানায়, মতলব উত্তর উপজেলার ৯৮টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই মোহাম্মদ জালাল উদ্দিন বড় ব্যবধানে প্রথম হয়েছেন। কোনো কেন্দ্রেই তিনি হারেননি বা দ্বিতীয়-তৃতীয় হননি। ১৯৯১ সালের পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে এ আসনে কোনো প্রার্থী সব ভোটকেন্দ্রে জয়ী হতে পারেননি। সব কেন্দ্র জয় নিশ্চিত করে নির্বাচিত হওয়ার ঘটনা এবারই প্রথম। পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় এত বড় ব্যবধানে জয় পাওয়ার ঘটনাও এ আসনে আগে ঘটেনি।

সদ্য বিজয়ী প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এত ভোট দিয়ে নির্বাচিত করায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর কাছে তিনি কৃতজ্ঞ। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন তিনি।