রিসোর্টের বর্জ্য পাম্প দিয়ে ফেলা হচ্ছিল সাগরে, নিষেধাজ্ঞা না মেনে চলছিল মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিনের ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সরাসরি সমুদ্রে ফেলা হচ্ছিল
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে পরিবেশদূষণের দায়ে একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের দায়ে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজার–সদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

জেলা প্রশাসন জানায়, ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ ছাড়া দ্বীপের ‘সূর্যস্নান’ ও ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’ নামের আরও দুটি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নিয়েছেন আদালত। একই সময়ে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের দায়ে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হচ্ছে।

এদিকে সেন্ট মার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া–৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। পরে গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও বিচের কর্মীরা।

দ্বীপে আড়াই হাজার পর্যটক, মানতে হবে নিষেধাজ্ঞা

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, কক্সবাজার শহর থেকে পাঁচটি জাহাজে দৈনিক আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আসছেন। এর মধ্যে অর্ধেক রাত যাপনের জন্য দ্বীপের হোটেল–রিসোর্টে থেকে গেলেও অন্যরা ফিরতি জাহাজে কক্সবাজারে ফিরে যাচ্ছেন। বর্তমানে দ্বীপে আড়াই হাজারের মতো পর্যটক অবস্থান করছেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বীপটিতে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি, কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু দ্বীপের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের চলাচল বেড়েছে। এসব যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক মারা যাচ্ছে। দ্বীপে পরিবেশ ছাড়পত্র ছাড়াই নির্মিত হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। কেন্দ্রীয় ব্যবস্থাপনা না থাকায় হোটেলের বর্জ্যও সরাসরি সাগরে ছড়িয়ে পড়ছে।

১৯৯৯ সালে দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, এ এলাকায় পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

পরিবেশ আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল–পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।