টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রবিন মিয়াকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আজ রোববার সকালে এ রায় দেন।

দণ্ডিত যুবকের নাম মো. রবিন মিয়া (২৬)। তিনি সখীপুর উপজেলার সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামী দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবদুল কুদ্দুস বলেন, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে রবিন মিয়া তাঁদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।