শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যার এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল।
অভিযুক্ত ছাত্রের নাম জীবন সেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
মারধরের শিকার ওই ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগে তিনি উল্লেখ করেন, জীবন সেন বেশ কিছুদিন ধরে তাঁকে মানসিকভাবে হেনস্তা করে আসছেন।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করা হয়। এ সময় সহপাঠীরা জীবনকে আটকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ছাত্রকে গতকাল রাতেই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।