ফাগুনের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও দাপট ছিল কুয়াশার। দৃষ্টিসীমা নেমে এসেছিল খুব কাছে। সঙ্গে শীতও ছিল কিছুটা। তবে এসব বাধা উচ্ছ্বাস কমাতে পারেনি তাদের। সকাল সকাল অনুষ্ঠানস্থলে চলে এসেছে। সঙ্গে ছিলেন অনেক অভিভাবকও।
গতকাল রোববার সকালে এ দৃশ্য ছিল চুয়াডাঙ্গা ও বরগুনায়। এদিন এ দুই জেলায় ছিল শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান।
চুয়াডাঙ্গার অনুষ্ঠানটি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চত্বরে। নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে সকাল আটটায় নির্দিষ্ট উপহারের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় গতকালের প্রথম আলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। চুয়াডাঙ্গা প্রথম আলো বন্ধুসভার সদস্য নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এম মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, কৃতী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করবে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। এভাবে পায়ের নিচের মাটিকে শক্ত করতে হবে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদালয়ের গণিতের শিক্ষক হাসানুজ্জামান হাসান বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না। সব দিক থেকেই ভালো হতে হবে।
প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, ‘ভালো ফল করায় তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। পাঠ্যবইয়ের বাইরে অন্যান্যও বই পড়তে হবে।’
সভাপতির বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রথম আলো বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ছিল চুয়াডাঙ্গার কণ্ঠশিল্পী শান্ত আহমেদ ও তাঁর দল এবং বন্ধুসভার বন্ধুদের সংগীত পরিবেশনা। জেলা শিল্পকলা একাডেমির তিন নৃত্যশিল্পীর পাশাপাশি নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার এক সদস্য।
‘নিয়মিত বই পড়তে হবে’
বরগুনার অনুষ্ঠানটি হয় জেলা শিল্পকলা একাডেমিতে। সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা রোভার স্কাউটের সম্পাদক তারিক বিন আনসারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।
শিক্ষার্থীদের উদ্দেশে খুলনা আজম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জ্ঞানকে শাণিত করতে নিয়মিত বই পড়তে হবে। পাবলিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে হবে।
বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘একজন ইঞ্জিনিয়ার হওয়া থেকে একজন ভালো মানুষ হওয়ার গুরুত্ব অনেক বেশি। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা পড়বে।’
প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা শিক্ষার্থীদের মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলতে শপথ করান।
সকাল আটটার দিকে অনুষ্ঠানস্থলে কথা হয় আমতলী সরকারি এ কে হাইস্কুল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. রায়হান ইসলাম ও মো. আবদুল্লাহ এবং আমতলীর চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কামরুজ্জামান ও মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবিকুন্নাহারের সঙ্গে। তারা জানাল, এমন অনুষ্ঠানে এসে তাদের মধ্যে সামনে আরও ভালো কিছু করার উৎসাহ কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরগুনার ক্রীড়াবিদ বজলুর রহমান, বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা।
কৃতী শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সনদ, নাশতা, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।
পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।