খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

খুলনা নগরের রূপসা এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় নগরের রূপসা নতুন বাজার বেড়িবাঁধ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আহত কিশোরীকে এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিশোরীর বাঁ পায়ে ক্ষত রয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এক্স-রে করে নিশ্চিত হওয়া গেছে ওটা ছোট পিস্তলের গুলি ছিল। তবে এই ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনই পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ঘটনাস্থল যেখানে বলা হচ্ছে, সেখানে গিয়ে তাঁরা কিছু পাননি। তদন্ত অব্যাহত আছে।

দিন দুয়েক আগে প্রেমঘটিত একটি বিষয়ে ওই কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মো. রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এলাকার লোকজনও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না। কোথা থেকে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার নগরের লবণচরা থানার আশীবিঘা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাতুল শেখ (২২) নামের এক তরুণ আহত হন। এরও আগে গত ২৯ জুন রাতে নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি আহত হন।

খুলনায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় কয়েকটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর নাম আলোচনায় এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।