সখীপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মামা-ভাগনে নিহত হয়েছেন। সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর এলাকায় আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার বাগবেড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও তাঁর ভাগনে একই গ্রামের আবদুস সালামের ছেলে সাকিব হাসান (২০)।
নিহত মাসুদ রানা ময়মনসিংহের ভালুকার বাটাজোর বাজারে পেট্রলের ব্যবসা করেন। ভাগনে সাকিব ওই দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মামা–ভাগনে একসঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে ব্যবসাস্থল বাটাজোর বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে পাথারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মামা-ভাগনে নিহত হন। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সখীপুর থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।