আচরণবিধি লঙ্ঘন করে ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণায় আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীরা

হ্যান্ডমাইক নিয়ে চলছে প্রচারণা। গত শুক্রবার সকালেছবি: ফেসবুক থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নোয়াখালী-৫ আসনের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাঁর ভাই, ভাগনে ও দলীয় নেতা-কর্মীরা। কয়েক দিন ধরে তাঁরা বসুরহাট পৌরসভা এলাকাসহ কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রুটিন করে প্রচারণার অংশ হিসেবে দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওবায়দুল কাদেরের ‘সালাম পৌঁছে দেওয়ার’ নামে ভোট প্রার্থনা করছেন। আবার কোথাও কোথায়ও সরাসরি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ওবায়দুল কাদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করছেন। একই সঙ্গে প্রচারণা ও গণসংযোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করছেন তাঁরা।

অথচ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ১২-তে বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না।’

ওবায়দুল কাদের ছাড়া ওই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের আরও চারজন প্রার্থী আছেন। তাঁরা এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেননি। কিন্তু ওবায়দুল কাদেরের পক্ষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নোয়াখালী-৫ আসনে তিনি ছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে আরও চারজন প্রার্থী তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মোকছুদের রহমান, জাতীয় পার্টির খাজা তানভির আহমেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার নির্দেশনা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

কোম্পানীগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার কমপক্ষে ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ওবায়দুল কাদেরের পক্ষে তাঁর ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, ওবায়দুল কাদেরের দুই ভাগনে এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুধু তা–ই নয়, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত এসব প্রচারণা, ছবি-ভিডিও প্রচার করছেন।

ওবায়দুল কাদেরের ভাগনে সিরাজিস সালেকিন উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আবার আগামী ৭ জানুয়ারির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব। আর ওই কমিটির আহ্বায়ক হলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী। এই দুই নেতা রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্যাড ব্যবহার করে ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে নির্ধারিত স্থানে দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনার ছবি সিরাজিস সালেকিন তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

গত শনিবার সকাল সাড়ে ছয়টায় বামনী পূর্ব বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। প্রচারণাকালে প্রায় ৫০-৬০ জন দলীয় নেতা-কর্মী প্রচারণায় অংশ নেন। এ সময় তাঁদের হ্যান্ডমাইক ব্যবহার করতে দেখা গেছে। তা ছাড়া প্রচারণার সময় দলীয় নেতা-কর্মীরা ওবায়দুল কাদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগানও দিয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার সকাল সাড়ে ছয়টায় বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা ও ভাগনে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম ফেসবুকে প্রচারণার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা ওবায়দুল কাদের এমপির সালাম পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার জননন্দিত মেয়র, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আবদুল কাদের মির্জা।’

ওবায়দুল কাদেরের সমর্থনে গণসংযোগ
ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর বিষয়ে বক্তব্য জানার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলামের মুঠোফোনে শনিবার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। পরে কথা হয় ওবায়দুল কাদেরের আরেক ভাগনে সিরাজিস সালেকিনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার বিষয়টি তিনি জানতেন না। পরে শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া ফোন করে তাঁকে জানিয়েছেন। এখন থেকে আচরণবিধি মেনে চলবেন।

এ ব্যাপারে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওবায়দুল কাদেরের পক্ষে যেভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, তা আচরণ বিধিমালার বিধি ১২-এর সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি প্রার্থীর লোকজনকে ডেকে মৌখিকভাবে সতর্ক করেছেন।