বিমানবন্দর থেকে ফেরার পথে চালককে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক প্রবাসী ডাকাতের কবলে পড়েছেন। এ সময় প্রবাসীকে বহনকারী গাড়ির চালক ডাকাতের গুলিতে আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর সেতুর ওপর এ ঘটনা ঘটে। ডাকাতেরা সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেনের পাসপোর্ট, মুঠোফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামে। মঙ্গলবার সকালে তিনি দেশে ফিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে আষাড়িয়ারচর সেতুর ওপর ৪টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার নিয়ে ১০-১২ জন ডাকাত দেলোয়ারকে বহনকারী মাইক্রোবাসের গতি রোধ করে। একপর্যায়ে মাইক্রোবাসের চালকের সঙ্গে ডাকাত দলের সদস্যদের ধস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালক ফিরোজ মিয়ার ডান হাতে একটি গুলি করে। পরে তারা প্রবাসীর পাসপোর্ট, মুঠোফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
আহত ফিরোজ মিয়ার বাড়ি ভোলার তজুমুদ্দিনে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিববুল্লাহ বলেন, ডাকাতির চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে ডাকাতেরা সব মালামাল লুট করতে পারেনি। তবে গুলিতে প্রবাসীকে বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে।