ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ৮০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ অধ্যক্ষের
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ৮০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন কলেজটির অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ বিষয়ে অধ্যক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেন কলেজের নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও শিক্ষক সবুজ আহমেদ।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন বলেন, সম্প্রতি কলেজের হোস্টেলগুলোতে ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। কমিটিগুলোকে বরণ করতে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের কথা বলে সাবেক ছাত্র ও ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের আহ্বায়ক প্রসেনজিৎ বড়ুয়া এবং যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম আশরাফী গত মঙ্গলবার তাঁর (অধ্যক্ষ) কক্ষে প্রবেশ করে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে তিনি রাজি না হওয়ায় অকথ্য ভাষায় গালগাল করেন ওই দুই ছাত্রলীগ নেতা। পরদিন বুধবার বিকেলে আবারও ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে (অধ্যক্ষকে) ফোন করে টাকা দাবি করা হয়। তিনি এবারও টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর (অধ্যক্ষ) কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ।
এ বিষয়ে জানার জন্য প্রসেনজিৎ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম আশরাফী সাংবাদিকদের বলেন, ১৫ আগস্টের অনুষ্ঠানের জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি সহযোগিতা করেননি। অধ্যক্ষ সরকারবিরোধী একজন লোক। এসব নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে অধ্যক্ষের কক্ষে তালা লাগানো হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষ আলমগীর হোসাইন প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট কলেজে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তা ছাড়া ছাত্রলীগের ওই দুই নেতা তাঁদের নিজস্ব অনুষ্ঠানের জন্য টাকা দাবি করেন। তাঁরা লিখিতভাবে এ দাবি করেন। সেখানে নিজেদের অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে।