নেত্রকোনায় স্কুলছাত্র হত্যায় ৪ বন্ধুকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১৩ বছর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মুন্না মিয়াকে (১৫) হত্যার ঘটনায় তার চার বন্ধুকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরুল কবীর রুবেল বলেন, আসামিরা বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের জেলহাজতে রাখা হবে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার খিলা গ্রামের মাজহারুল হকের ছেলে সাগর মিয়া, বজলুর রহমানের ছেলে রোমান মিয়া, শাকিল মিয়া ও রবিন মিয়া। তাঁদের মধ্যে সাগরকে ১০ বছর, রোমানকে ৭ বছর এবং শাকিল ও রবিনকে পাঁচ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সময় তাঁরা সবাই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ জন্য শিশু আদালতে তাঁদের বিচার হয়।
নিহত মুন্না মিয়া একই গ্রামের মৌলা মিয়ার ছেলে। সে খিলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে খিলার পার্শ্ববর্তী কাউপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ক্রিকেট ব্যাট দিয়ে মুন্না মিয়ার কান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মুন্নার বাবা বাদী হয়ে আটপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় দেন।