রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এই পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে পরীক্ষার্থীরা রাজশাহীতে আসতে শুরু করেছেন। গতকাল শনিবার রাতে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের সমাগমই বেশি ছিল। পরীক্ষার্থীদের সঙ্গে ছিলেন তাঁদের অভিভাবকেরা। পরে আজ রোববার ভোর হতে না হতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থী-অভিভাবকদের সমাগম দেখা গেছে।
ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে রাজশাহী এসেছেন এই প্রতিবেদক। গ্রামীণ ট্রাভেলসে অনলাইনে ৭৫০ টাকা ভাড়া দিয়ে টিকিট কেটে রাজশাহী পৌঁছান তানিম মাহমুদ নামের এক পরীক্ষার্থী। তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম থেকে ট্রেনে করে রাত সাড়ে ১০টায় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে এসে কোনোরকমে বাসে ওঠেন। তানিম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে তাঁর কমপক্ষে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ পড়বে। শারীরিক ও মানসিক চাপ তো আছেই। নানা ধরনের চাপ সামলিয়ে তাঁকে রাজশাহীতে আসতে হলো। এসব পরীক্ষা বিভাগীয় শহরে হলে এত চাপ নিতে হতো না।
এই বাস টার্মিনালে কথা হয় পরীক্ষার্থী নুসরাত আক্তার ও তাঁর মা নুরুন্নাহারের সঙ্গে। তাঁরা ঢাকাতেই থাকেন। ২৮ মে রাজশাহী যাওয়ার মতো কোনো টিকিট পাননি। এক দিন আগে ২৭ মে রাতে টিকিট পেয়েছিলেন। তাঁরা বললেন, বাসের একেবারে পেছনের সিট পেয়েছেন তাঁরা। সারা রাস্তা ঝাঁকিতে ঝাঁকিতে যেতে হবে। দুজনেরই রাস্তায় বমি করার আশঙ্কা আছে। এ কারণে বমির ওষুধ কিনেছেন।
কল্যাণপুর গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম বলেন, শনিবার থেকে রাজশাহীমুখী যাত্রীর চাপ বেড়েছে। বাসের অধিকাংশই পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক। এই চাপ রোববার থেকে আরও বাড়বে। তবে ওই রুটে তাঁদের যে কয়টি বাস চলাচল করে, সেই কয়টিই চলবে। পথে যানজট না হলে দ্রুতই শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া সম্ভব হবে। তবে তাঁদের বাসের টিকিট ফুরিয়ে গেছে।
এদিকে আজ ভোর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থীদের সমাগম দেখা গেছে। পরীক্ষার্থীদের কাউকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস থেকে নেমে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা গেছে। কাউকে কাউকে ক্যাম্পাসের ভেতরে প্যারিস রোডে হাঁটতে দেখা গেছে। কেউ কেউ অভিভাবক নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে থাকতে দেখা গেছে।
প্রধান ফটকে ব্যাগ নিয়ে বসেছিলেন চট্টগ্রাম থেকে আসা আরিফুল ইসলাম। তিনি বাসে চট্টগ্রাম থেকে সরাসরি রাজশাহীতে এসেছেন। আরিফুল বলেন, একটু বেলা হলেই এলাকার বড় ভাইকে ফোন দিয়ে হলে উঠবেন।
ক্যাম্পাসের ভেতরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের পাশে দাঁড়িয়ে ছিলেন পরীক্ষার্থী মেয়ে ও বাবা। তাঁরা এসেছেন বরিশাল থেকে। বাবা হাকিম উদ্দিন বলেন, মেয়ে নারীদের হলে উঠবে আর তিনি ছেলেদের হলে উঠবেন। কিন্তু এখনই তাঁদের ফোন দিচ্ছেন না। পরে ফোন দিয়ে তাঁরা হলের দিকে যাবেন। ভোরেই ফোন না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁরা এখন ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠলে ফোন দিই। কয়েক দিন তো তাঁদেরও কষ্ট হবে।
ক্যাম্পাসের পদ্মপুকুরপাড়ে বসে ছিলেন খুলনা থেকে আসা মা-মেয়ে। মা শারমিন বেগম বলেন, ১৫ দিন আগে থেকেই রাজশাহীতে হোটেল ভাড়া নেওয়ার জন্য একটি কক্ষ খুঁজেছেন, কিন্তু পাননি। হলে এক পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনিই থাকার ব্যবস্থা করে দেবেন। শারমিন বেগম আরও বলেন, এ রকম ভোগান্তির পরীক্ষা বন্ধ করা দরকার। এটা তাঁদের দ্বিতীয়বার রাজশাহীতে আসা। গতবারও খুব কষ্ট করতে হয়েছে তাঁদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ, বি এবং সি—তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯১টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিটে ৭২ হাজার ৫০, বি ইউনিটে ৩০ হাজার ৬৭৪ এবং সি ইউনিটে ৭৫ হাজার ৮৫০ জন।
সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২৯ মে, এ ইউনিটের (মানবিক) ৩০ মে এবং বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শহরে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিপুল সমাগম ঘটে। রাজশাহী শহরে আবাসনসহ খাওয়ার সংকটও দেখা দেয়। যাতায়াতেও ভোগান্তি পোহাতে হয়। প্রায় ১৫ দিন আগেই রাজশাহী শহরের সব কটি হোটেলে সিট শেষ হয়ে গেছে। এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী অভিভাবকদের জন্য ছাত্রী জিমনেসিয়ামে মহিলা অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পশ্চিমপাড়ায় আবাসিক এলাকায় ৯০ নম্বর বাসায় অভিভাবকদের থাকার সীমিত ব্যবস্থা করা হয়েছে। আর ছাত্রীরা ছাত্রীহলে এবং ছাত্র ও পুরুষ অভিভাবকেরা ছাত্রহলে থাকতে পারবেন।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সেগুলোর কার্যক্রম গতকাল থেকেই শুরু হয়ে গেছে। ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও। ২৯, ৩০ ও ৩১ মে ফ্লাইট তিনটি চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। বিষয়টি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা হয়। তবে এ বিষয়ে তারা শুধু আশ্বাসই দিয়ে যায়। এবারও গতকাল এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘সারা দেশের চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের কথা আমরা ভাবছি। তবে এ বিষয়ে আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা পরবর্তী একাডেমিক কাউন্সিল, ডিনস কমিটি ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব।’ তিনি গত বছরও একই আশ্বাস দিয়েছিলেন।