এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

ডিজিটাল প্রচারণার গাড়িতে ব্যানার সাঁটানোর কারণে গত ৩১ জানুয়ারি ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান ভূঞাকে করা জরিমানার অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় শুনানি শেষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া এ আদেশ দেন।

মজিবুর রহমান ভূঞা এবি পার্টির চেয়ারম্যান। দলীয় ঈগল প্রতীকে তিনি ১১–দলীয় নির্বাচনী ঐক্যের হয়ে ফেনী-২ আসনে প্রার্থী হয়েছেন। গত ৩১ জানুয়ারি তাঁর ডিজিটাল প্রচারণার গাড়ি উদ্বোধন করা হয়। ওই গাড়িতে ব্যানার সাঁটানোর কারণে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এবি পার্টি ফেনী জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব মিয়াজ বলেন, জরিমানার অর্থ ফেরত পেতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হয়েছিল। গতকাল এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি করেন। শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরত দিতে তিনি আদেশ দিয়েছেন। ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার থেকে তা প্রার্থী সংগ্রহ করতে পারবেন।

এবি পার্টি জানায়, গতকাল সকালে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে নানা অভিযোগ তুলে ধরেন মজিবুর রহমান ভূঞা। তিনি বলেন, যে ধরনের প্রচার ভ্যানের জন্য তাঁকে জরিমানা করা হয়েছে, সে ধরনের প্রচার ভ্যান সারা দেশেই চলছে। জামায়াত আমিরের আগমন উপলক্ষে কিছু রঙিন ব্যানার লাগানো হয়েছিল। বিএনপি তারেক রহমানের আগমন উপলক্ষে একই ধরনের ব্যানার লাগালেও তাদের বিরুদ্ধে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কোনো সুযোগ কেউ পাবে, কেউ পাবে না—তা হতে পারে না।

বিভিন্ন জায়গায় তাঁর নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে দাবি করেন মঞ্জু। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন তিনি। মঞ্জু বলেন, ‘ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ভোটারদের লোভ দেখানো হচ্ছে, যা আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অনিয়ম অব্যাহত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারসহ নানা অনিয়মের ঘটনাও ঘটছে।’