বগুড়ায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন শিশু।

মঙ্গলবার সকাল আটটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে বগুড়া সদর উপজেলার এরুলিয়া মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন অটোরিকশাচালক বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামের আমিনুল ইসলাম ওরফে তোতা (৫৪) এবং অটোরিকশার যাত্রী শিশু আশামণি (৭) ও খাদিজা বেগম (২)।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মারা যান এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়। ওই দুই শিশু মা-বাবার সঙ্গে অটোরিকশায় করে বগুড়ার চারমাথায় যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থেকে যাত্রী নিয়ে বগুড়ার চারমাথায় আসছিল অটোরিকশাটি। এদিকে চারমাথা আড়তে মাছ বিক্রি করে ফিরছিল ভটভটি। এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা রাশেদ শেখ, তাঁর স্ত্রী জোসনা বেগম এবং তাঁদের দুই শিশুকন্যা আশামণি ও খাদিজা বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আশা ও খাদিজাকে মৃত ঘোষণা করেন।