সাঙ্গু নদে নিখোঁজের ১৬ ঘণ্টা পর মিলল কিশোরের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদে বালুবোঝাই নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর কিশোর আবদুল হামিদের (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সকালে সাঙ্গু নদের আমিলাইষের সরওয়ার বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবদুল হামিদ উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর ৭ নম্বর ওয়ার্ডের খইন্নার বাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর আবদুল হামিদসহ তিনজন গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাঙ্গু নদের মধ্যম আমিলাইষ থেকে একটি নৌকায় বালুবোঝাই করে চরতীরের দিকে যাচ্ছিলেন। আমিলাইষের সরওয়ার বাজার এলাকায় পৌঁছালে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তি সাঁতরে তীরে উঠলেও আবদুল হামিদ নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন নদের বিভিন্ন এলাকায় আবদুল হামিদকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাতে ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়েও খোঁজ পায়নি। আজ বৃহস্পতিবার ভোরে ডুবুরি দল আবারও নিখোঁজ কিশোরের সন্ধান চালায়। সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দূর থেকে আবদুল হামিদের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আবদুল হামিদ মূলত ট্রাকে বালু বোঝাইয়ের শ্রমিক হিসেবে কাজ করত। তবে বুধবার সকাল থেকে সাঙ্গু নদে ডুব দিয়ে নৌকায় বালু তোলার কাজ করছিল। পরে বিকেলে বালুবোঝাই করে চরতীরের দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি সাঁতার কেটে তীরে উঠে আসতে পারলেও আবদুল হামিদ নিখোঁজ হন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে কিশোর আবদুল হামিদের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।