তালাবদ্ধ কক্ষের বিছানায় পড়ে ছিল স্বামীর গলাকাটা লাশ, সন্ধান মিলছে না স্ত্রীর

নিহত বেলাল উদ্দিনছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে বেলাল উদ্দিন (২৫) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তালাবদ্ধ কক্ষের ভেতর বিছানায় তরুণের লাশ পড়ে ছিল।

নিহত বেলাল উদ্দিন রামুর পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চালক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী তাহেরা বেগম আঁখি (২০) নিখোঁজ রয়েছেন। আঁখির বাড়ি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গলাকাটা লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে বেলাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর লাশটি কক্ষের ভেতরে বিছানায় ফেলে রাখা হয়। ওই কক্ষে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে স্ত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক আলাউদ্দিন বলেন, স্ত্রীকে নিয়ে বেলাল দুই মাস আগে ভাড়া বাসায় ওঠেন। প্রায় সময় স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হতো। তিন দিন ধরে ঘরের দরজা তালাবদ্ধ ছিল। আজ সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহের সৃষ্টি হয়। এরপর রামু থানার পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে বিছানায় বেলালের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, পরিবারের অমতে বেলাল বিয়ে করেন আঁখিকে। আঁখির আগের সংসার ছিল। তা ছাড়া তিনি টিকটকে নিজের ভিডিও প্রকাশ করতেন। এ কারণে পরিবার আঁখিকে মেনে নেয়নি। ফলে স্বামী-স্ত্রী দুজন ভাড়া বাসায় পৃথক সংসার পাতেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তাঁর উদ্যোগে সামাজিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।