চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত যুবলীগ নেতার মায়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর বস্তিতে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিনা বেগম (৫৫) মারা গেছেন। তিনি যুবলীগ নেতা মো. শহীদের (৪৫) সৎমা। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় শহীদের সঙ্গে ফাহমিনা বেগমও আসামি ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে শহীদের বাড়ির একটি নির্জন ঘরে বিকট শব্দে ককটেল–জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটে। এতে ফাহমিনা বেগম ও ছেলে শহীদ মারাত্মক আহত হন। ধারণা করা হচ্ছে, ককটেল বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতাল থেকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শহীদ সেখানে ভর্তি না হয়ে গোপনে অন্যখানে চিকিৎসা নিচ্ছেন।
ধারণা করা হচ্ছে, ককটেল বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যুবলীগ নেতা শহীদ গোপনে অন্যখানে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে শহীদ, ফাহমিনা বেগম ও পরিবারের আর একজন সদস্যকে আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে। শহীদের বিরুদ্ধে আরও দুটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।
পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান নিশ্চিত করেন, শহীদ তাঁর কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন।
সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, ময়নাতদন্ত শেষে ফাহমিনা বেগম পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।