নলছিটিতে বিএনপির ২৯ নেতা–কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা
ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে বিএনপির ২৯ নেতা–কর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে গতকাল শনিবার রাতে থানায় এ মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান বলেন, ‘মিথ্যা অভিযোগ দিয়ে ওই গায়েবি মামলা করা হয়েছে। এ মামলার অধিকাংশ আসামি অনেক আগে থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের অত্যাচারে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। আমরা এ গায়েবি মামলার তীব্র নিন্দা জানাই।’
ওই মামলায় উপজেলা বিএনপির সভাপতি আনিসুর, সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম, সাধারণ সম্পাদক সাইদুল কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ সজ্জন, বর্তমান সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন খানসহ ২৯ নেতা–কর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, নলছিটি ফেরিঘাট–সংলগ্ন চর বহরমপুর এলাকার একটি মসজিদে গতকাল রাতে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ নেতা–কর্মী সেখানে গেলে তাঁদের মারধর করেন বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা। একপর্যায়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা আওয়ামী লীগের নেতা–কর্মীদের লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করেন। এতে মামলার বাদী জুয়েল খান আহত হন। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–নম্বরে ফোন করলে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা পালিয়ে যান।
এদিকে এ গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী শাহাদাৎ হোসেন।
এর আগে গত ২৯ নভেম্বর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০৬ নেতা-কর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম ইলিয়াস বাদী হয়ে ওই মামলা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ওই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।