জামালপুর জেনারেল হাসপাতালে সহকর্মীকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
জামালপুর জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগসংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বের জের ধরে এক চিকিৎসককে আরেক চিকিৎসক মারধর করেছেন। আজ সোমবার দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখা।
মারধরের শিকার চিকিৎসকের নাম মো. তরিকুল ইসলাম। তিনি জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। তিনি ড্যাব জামালপুর জেলা শাখার সদস্যসচিব। অভিযুক্ত চিকিৎসকের নাম ইকরামুল হক। তিনি ওই হাসপাতালের ডেন্টাল সার্জন।
ড্যাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক আহম্মদ আলী বলেন, তরিকুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আগামীকাল সকল থেকে হাসপাতালের সব চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে। এ ক্ষেত্রে শুধু জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু থাকবে।
দুপুরে সরেজমিনে হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে অনিয়মে আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি চিকিৎসক ইকরামুল হকের। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ দুপুরে আরএমও তরিকুল ইসলাম তাঁর কক্ষে বসে ছিলেন। হঠাৎ ওই কক্ষে ঢোকেন চিকিৎসক ইকরামুল হক। এ সময় তিনি আরএমও তরিকুল ইসলামকে তাঁর পছন্দের লোক নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে তরিকুল ইসলাম অস্বীকৃতি জানান। এতে ইকরামুল ক্ষুব্ধ হন। এ সময় তরিকুল ইসলাম তাঁর কক্ষ থেকে ইকরামুলকে বের হয়ে যেতেন বলেন। এতেই ক্ষুব্ধ হয়ে তরিকুলকে মারধর শুরু করেন ইকরামুল। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে থামান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ আমার কক্ষে উনি (ইকরামুল) ঢোকেন। এরপর আমাকে ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে তাঁর দুজন লোক নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তখন আমি অস্বীকার করি। এতে তিনি চরমভাবে ক্ষুব্ধ হন। এরপর আমার ওপর হামলা চালিয়ে মারধর করেন।’
হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হয়। ইকরামুল হক ১০ থেকে ১২ জন লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। তাঁর লোকজনকে না নেওয়ার তিনি ক্ষুব্ধ হন।
মাহফুজুর রহমান আরও বলেন, ‘গত রোববার বিকেলে তিনি (ইকরামুল) আমার সঙ্গেও খারাপ আচরণ করেন। আজকে আরএমওকে মারধর করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। এ ঘটনায় তরিকুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমার কথা হয়েছে। অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন। আর অভিযুক্ত গ্রেপ্তার হলে ড্যাবের ডাকা কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হবে।’
অভিযোগের বিষয়ে জানতে ইকরামুল হকের মুঠোফোনে কল করা হলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন। এরপর আবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছেন দাবি করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।