আক্কেলপুরে বাসচাপায় সেনাসদস্য নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সেনাসদস্য নাইচ আলী নিহত হওয়ার ঘটনায় আটক চালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নিহত সেনাসদস্যের বাবা আক্কাস আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ওই বাসচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার বাসচালকের নাম মছির উদ্দিন (৫৫)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ করা হয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ে পাশে সিঙ্গার শোরুমের সামনের সড়কে বাসচাপায় সেনাসদস্য নাইচ আলী নিহত হন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেনাসদস্য নাইচ আলী দুই সন্তানের জনক। মেয়ের বয়স তিন বছর আর ছেলে নবজাতক। আজ বাড়িতে নবজাতক ছেলের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সকালে বাড়িতে গরু জবাই করে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মাংস বিলি করেন। দুপুরে বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ছেলের আকিকার বাজার করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পৌর শহরের উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। তখন পেছন থেকে আসা আক্কেলপুরগামী যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাইচ আলী নিহত হন।
দুর্ঘটনার পর হাবিব পরিবহন নামের ওই বাস ও এর চালককে আটকে রেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে বাসটি জব্দের পাশাপাশি চালক মছির উদ্দিনকে থানায় নিয়ে যায় পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে নিহত সেনাসদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।